কর্মীদের তোপের মুখে গুগল

৫ ডিসেম্বর, ২০২০ ১১:৪৪  
‘এথিকাল আই’ দলের কারিগরি সহ-নেতৃত্বে থাকা টিমিট গেব্রুকে চাকরিচ্যুত করে তোপের মুখে পড়েছে গুগল। কৃষ্ণাঙ্গ এই নারী বিজ্ঞানীকে চাকরিচ্যুত করার বিষয়ে প্রতিবাদে নেমেছেন প্রতিষ্ঠানটির কাছে জবাব চেয়ে এক হাজার দুইশ’রও বেশি গুগল কর্মী এবং এক হাজার পাঁচশ’রও বেশি গবেষক। গুগলের বিরুদ্ধে তার গবেষণা ধামাচাপা দিয়ে প্রান্তিক কণ্ঠস্বর রোধ করতেই তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন গেব্রু। গবেষণা প্রতিবেদনে প্রতিষ্ঠানটির বৈচিত্র্য প্রচেষ্টা নিয়ে সমালোচনা করেছিলেন তিনি। বুধবার টুইট করে এই অভিযোগ করেছেন তিনি। এর আড়ে প্রতিষ্ঠানের এআই বিভাগে কর্মরত নারী ও বন্ধুদের অভ্যন্তরীণ এক গ্রুপে ইমেইলে গুগলের নেতৃত্ব পরিবর্তনের বেলায় “কোনো জবাবদিহিতা” নেই বলে উল্লেখ করেছিলেন গেব্রু। তবে শুক্রবার কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক মেইলে পুরো ব্যাপারটিকে পদত্যাগ হিসেবে উপস্থাপন করেছেন গুগলের এআই বিভাগ প্রধান জেফ ডিন। আর তার গবেষণা প্রতিবেদন “প্রকাশনার যোগ্য হয়নি” বলেও মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে গুরুত্বপূর্ণ ডিইআই প্রোগ্রামের কাজ বন্ধ না করার অনুরোধ করেছেন।